শিরোনাম
Passenger Voice | ০২:০৬ পিএম, ২০২২-০৫-২৯
মোহনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিলের ওপর হামলা করেছে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা। শনিবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সদরের তলুইগাছা চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি তলুইগাছা গ্রামের বাসিন্দা।
আহত সাংবাদিক আব্দুল জলিল বলেন, শুক্রবার বিকেলে তলুইগাছা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে সাতটি মোটরসাইকেল চুরি হয়। সে বিষয়টি আমি ফেসবুকে লিখি। সে লেখায় ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা। তারা ছিল এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক। এছাড়া মাদক ও চোরাচালান নিয়ে বিভিন্ন সময়ে আমি সংবাদ প্রকাশ করেছি।
তিনি আরও বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফেরার সময় তলুইগাছা চৌরাস্তা মোড়ে একাধিক মাদক মামলার আসামি রুহুল আমিন, তার বাবা মোজাম, আজগর, কুদ্দুসসহ ১৫-২০ জন আমার মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের চাবি ও মোবাইল কেড়ে নেয়। এরপর আমার ওপর হামলা করে। মারপিটের সময় তারা বলেছে, মোটরসাইকেল চুরি হয়েছে সেটি আমি ফেসবুকে কেন লিখলাম।
এদিকে সাংবাদিক আব্দুল জলিলের ওপর হামলার ঘটনাটি তাৎক্ষণিক সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে জানানো হয়েছে। তার পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক বাবুল আখতার জানান, আমরা রাতেই ঘটনাস্থলে গেছি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত