শিরোনাম
Passenger Voice | ০৩:৩৭ পিএম, ২০২২-০৫-২২
দেশের বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
যুব উন্নয়ন অধিদপ্তরাধীন 'টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব)' শীর্ষক কারিগরি সহায়তায় চাঁদপুরের কচুয়ায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ৪৪ দিনব্যাপী তিনটি শিফটে ৪০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কচুয়ায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র এটি। এসি বাসের ভেতরে আসনের সামনে একটি করে রয়েছে কম্পিউটার। সেই কম্পিউটারে বসেই শিক্ষিত যুবক-তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ। এমন দৃশ্য চোখে পড়ে কচুয়া উপজেলা চত্বরে।
প্রধানমন্ত্রীর ২০২১ ভিশন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত যুবক-তরুণীদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষনার্থীরা বলেন, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ খুশি আমরা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ শেষে আমাদের সার্টিফিকেটসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ হবে।
কম্পিউটার প্রশিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে করে তারা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুবউল আলম জানান, গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগত যুবক ছেলেমেয়েদের এমএস অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট আউটসাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা এ সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন, যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত