শিরোনাম
Passenger Voice | ০১:৩৪ পিএম, ২০২২-০৫-২১
জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য কামরুন্নাহার শোভা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবি, মুরগি লুট ও গাছ কাটাসহ বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএইচআরএফ।
শনিবার (২১ মে) বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিক কামরুন্নাহার শোভা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, হয়রানি বন্ধ, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি এবং দোষীদের শাস্তি দাবি জানানো হয়।
জানা গেছে, মুরগির খামারের ১২ পিস টিন, ২০০ বয়লার মুরগী লুট, ২৫-৩০টি গাছ কেটে নেওয়ার অভিযোগে সাংবাদিক কামরুন্নাহার শোভা ও তার পরিবারের আরও ৯ জনের বিরুদ্ধে মোহাম্মদ ইমতিয়াজ করিম নামের একজন গাজীপুরের কাশিমপুর থানায় মামলা করেন। ওই মামলায় সাংবাদিক কামরুন্নাহার শোভার ৮০ বছর বয়সী বাবা ও তার চাচাতো ভাই জহিরুল ইসলাম রাজুকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কফিল উদ্দিন আহমেদ ও তার চাচাতো ভাই জহিরুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার বাগবাড়ী এলাকায় সাংবাদিক কামরুন্নাহার শোভার পরিবারের পৈতৃক সূত্রে এক একর ৮০ শতাংশ জমি রয়েছে। সেই জমি রাজধানীর গুলশান এলাকার ফজলুল করিমের ছেলে ইমতিয়াজ করিম ও তার সহযোগীরা দখল করার চেষ্টা করে আসছেন। সে জন্যই তারা কফিল উদ্দিনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। পরিবারটির বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগে বিভিন্ন থানায় এ পর্যন্ত ২৬টি মামলা করেছেন ইমতিয়াজ করিম ও তার সহযোগীরা। বর্তমানে ১৩টি মামলা চলমান। সর্বশেষ গত সোমবার ইমতিয়াজ করিম টিন ও মুরগি লুটের মামলাটি করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত