আমিন উল্লাহ নুরী সড়ক পরিবহনে, মোস্তফা কামাল নৌপরিবহনের নতুন সচিব

Passenger Voice    |    ০৭:০২ পিএম, ২০২২-০৫-১৮


আমিন উল্লাহ নুরী সড়ক পরিবহনে, মোস্তফা কামাল নৌপরিবহনের নতুন সচিব

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব করা হয়েছে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতবছরের ডিসেম্বর মাসে পাঁচ অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে অতিরিক্ত সচিব পদমর্যায় থাকা রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীও পদোন্নতি পেয়েছেন সচিব হিসেবে। আজ বুধবার ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ পদায়নসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আনন্দের সুবাতাস বইছে। তাদের ভাষ্য— একজন স্বচ্ছ মনের অধিকারী, ন্যায়পরায়ণ সচিবকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সবাই আনন্দিত। 

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্ব পালনকালে তার সততা আর নিষ্ঠার গুণে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। এ বি এম আমিন উল্লাহ নুরী একজন পরিপূর্ণ সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা উল্লেখ করে খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপসও বলেছেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি তার কর্মদক্ষতা ও সততা সম্পর্কে যে সুবাতাস পেয়েছিলেন; যোগদানের পর সে সুবাতাসের সত্যতাও পেয়েছিলেন। কাজ, দক্ষতা ও কর্মকতৎপরতার মাধ্যমে তা পরিপূর্ণভাবে প্রমাণ করেছেন এ বি এম আমিন উল্লাহ নুরী। 

এ ছাড়াও তিনি বলেছিলেন, শুধু সৎ হলেই যে সবাই কাজে দক্ষ হয় তাও কিন্তু নয়, সমন্বয়ের অভাব অনেকের মধ্যেই থেকে যায়। কিন্তু এ বি এম আমিন উল্লাহ নুরী সুচারুরূপে সমন্বয় সাধন করেছিলেন । তারই ধারাবাহিকতায় রাজউকে যোগদানের পর ঢাকা সিটিকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন কয়েক ধাপ।

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল গত ২০২১ সালের ৩০ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর সচিব পদে যোগদান করেন। এ পদে যোগদানের অব্যবহিত পূর্বে তিনি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। বি.সি.এস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল ১৯৯১ সালের ১১ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগদান করে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি রাঙ্গামাটি ও খুলনা জেলার জেলা প্রশাসক ছিলেন। রাঙ্গামাটিতে জেলা প্রশাসক থাকাকালীন তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৪ লাভ করেন। রাঙ্গামাটি জেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল ও রাঙ্গামাটি পাবলিক কলেজ, খুলনা জেলায় খুলনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। খুলনা জেলায় জেলা প্রশাসক থাকাকালীন তিনি শিশু বিবাহ বন্ধে খুলনা জেলা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করেন। বাল্য বিবাহ প্রতিরোধে নেতৃত্বমূলক ভূমিকা পালন করায় কানাডিয়ান হাইকমিশন তাঁকে ‘এওয়ার্ড অব এক্সিলেন্স’ প্রদান করে।

একই আদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বদলির আদেশ মাহফুজা আখতারের ১৯ মে, মেজবাহ উদ্দিন চৌধুরী ও মোস্তফা কামালের ২২ মে, আনোয়ার হোসেনের ১৪ জুন ও আমিন উল্লাহ নুরীর ৪ জুন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।