শিরোনাম
Passenger Voice | ১১:৫১ এএম, ২০২২-০৫-১৩
ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনে পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যানজট নিরসনে পেশাজীবী নেতাদের সমন্বয়ে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। এছাড়া স্বল্প, মধ্যে ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।
এর মধ্যে আজ থেকে নগরীরর অভ্যন্তরে কোনো সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ করতে পারবে না। ২১ মের পর ইট, বালি ও যেকোনো পণ্যবাহী গাড়ি সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত নগরীতে চলাচল করতে পারবে না।
সভায় অটোবইক ও অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ মোতাবেক আগামী ১ জুন থেকে অটোরিকশা ও অটোবাইক চলাচল করবে। এছাড়া যানজট রোধে শহরের অভ্যন্তরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। মসিক মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ও পরিবহন সংগঠনের নেতারা মাসকান্দা বাসস্ট্যান্ড পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিক সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আমিনুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, জেলা বাসমালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মো. জহির, ময়মনসিংহ চেম্বারের সিনিয়র সহসভাপতি শঙ্কর সাহা, ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, অটোচালক সমিতির সভাপতি দিলীপ সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত