শিরোনাম
Passenger Voice | ০৩:৩৪ পিএম, ২০২২-০৫-১১
চকরিয়া উপজেলার খুটাখালীতে সংস্কারের মাত্র তিন মাসের মধ্যে খালের ভাঙনে এলজিইডির রাস্তা ধ্বসে পড়ায় জনচলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। গত শুক্রবার উপজেলার খুটাখালী লালগোলা যাতায়াতের একমাত্র রাস্তাটির জলদাশপাড়া পয়েন্টে ধ্বসে পড়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর নিত্য চলাচলে দুর্ভোগের শিকার হলেও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সরেজমিন দেখা যায়, খুটাখালী খালের পাড় দিয়ে রাস্তাটির জলদাশপাড়া সংলগ্ন সড়কের অন্তত ৫০ মিটার ধ্বসে পড়ে খালে বিলীন হয়ে গেছে।
এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী পায়ে হেটে যাতায়ত করতে পারলেও সিএনজি, রিক্সা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হওয়ার পথে। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসীদের যাতায়তে পোহাতে হচ্ছে দুর্ভোগ। লবণ-চিংড়ি খ্যাত টকটকিঘোনা, লালগোলা ও রাবার ড্যাম যাতায়াতের সড়ক এটি।
যা এখন খালের গর্ভে ক্রমে বিলিনের পথে। অপরদিকে রাবারড্যাম সড়কও দীর্ঘ ক’মাস ধরে চরম ঝুঁকিতে রয়েছে। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুরূহ। এছাড়া খুটাখালীর বিভিন্ন মাদ্রাসা স্কুলগামী শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়তে মারাত্মক অসুবিধায় পড়তে হবে। বিকল্প কোন সড়ক পথ না থাকায় জরুরি সংস্কার প্রয়োজন হলেও এটি সংস্কারে এলজিইডির কোন উদ্যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে উত্তর ফুলছড়ির বাসিন্দা আরিফুল ইসলাম জনি চৌধুরী বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিত্য চলাচলের রাস্তাটি খালে বিলীন হওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে।
রাস্তাটি ভেঙে যাওয়ায় দিনের বেলায় কোন ক্রমে কিনারা দিয়ে চলাচল সম্ভব হলেও রাতের চলাচল অনুপযোগী ও ঝুঁকির মুখে রয়েছে। একই গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ৪টি জামে মসজিদ থাকলেও চলাচলের জন্য একমাত্র রাস্তাটি এখন খালে বিলিন হয়ে যাচ্ছে। তিনি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবী জানান। ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকী বলেন, লালগোলা ও রবারড্যাম সড়কের খালের পাড়ের রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খুব শিগ্রই ব্যাবস্থা নেয়া না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, বিষয়টি আমার নলেজে আছে এবং এ ব্যাপারে দ্রæত ইউএনওকে বলে পদক্ষেপ নেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত