শিরোনাম
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২২-০৫-১০
কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল দি টেরিটোরিয়াল নিউজ (টিটিএন) তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ হাঙরের তেলের কারখানা ধ্বংস করার দাবি জানায় আন্দোলনকারীরা।
সোমবার (৯ মে) বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে কক্সবাজারের বাঁকখালী তীরের মগচিতা পাড়ায় বর্বরোচিত হামলার এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন জানান, স্থানীয় অনলাইন গণমাধ্যম টেরিটোরিয়াল নিউজ (টিটিএন)-এর প্রধান প্রতিবেদক আজিম নিহাদ, প্রতিবেদক রাহুল মহাজন ও ক্যামেরাপার্সন লোকমান হাকিমের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়।
হামলার শিকার সংবাদকর্মী আজিম নিহাদ জানান, ‘২০১২ সালের বন্যপ্রাণী আইনে সাগর থেকে হাঙ্গর ধরে তেল আহরণ ও বিদেশে পাচার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু শহরের ওই এলাকায় থাকা হাঙ্গরের তেল সংগ্রহ ও পাচারের একটি ডিপোতে সরেজমিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবৈধ হাঙ্গর ব্যবসায়ী সিন্ডিকেটের হামলার শিকার হই। ’
তিনি জানান, মোস্তাক নামের একজন সন্ত্রাসী আজিম নিহাদকে বেদম মারধর করার পর তার মুখ ওগলা চেপে ধরে তার কণ্ঠ রোধের চেষ্টাও করেন। হামলার সময় সন্ত্রাসী মোস্তাক হুমকি দিয়ে জানায়- ‘আমার বিরুদ্ধে কিছু করার সাধ্য কারো নেই। ’ এ বিষয়ে তিন সন্ত্রাসীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে তবে এখনো কেউ ধরা পড়েনি।
এদিকে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোমবার কক্সবাজারে বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। কক্সবাজার পৌরসভা অফিস প্রাঙ্গণে আয়োজিত রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক এম ওসমান গণির সভাপতিত্বে ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক এইচএম এরশাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা সংসদের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, টিটিএন'র বার্তা প্রধান তৌফিক লিপু, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, কবিতার রাজপথের সম্পাদক কবি মনির ইউসুফ, সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির মোবারক, উদীচী কক্সবাজার সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তাদির বিলাহ, যুব ইউনিয়নের নেতা জসিম আজাদসহ অনেকেই।
রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার ও সাংবাদিক সংসদ কক্সবাজারের যৌথ আয়োজনে মানববন্ধনে খেলাঘর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা, উদীচী, ছাত্র ইউনিয়ন, কক্সিয়ান এক্সপ্রেস, জেলা প্রেস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, লাভ বাংলাদেশ, রামু প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, ঈদগাঁও প্রেস ক্লাবসহ নানা সংগঠন। এসময় কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত