শিরোনাম
Passenger Voice | ১২:৪০ পিএম, ২০২২-০৫-০৯
রাজধানীর কলাবাগানে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম উজির আহমেদ (৭২)। এ ঘটনায় চাঁন মিয়া নামের এক সিএনজি চালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
সোমবার (৯ মে) ভোর সাড়ে ৫ টার দিকে কলাবাগান মাঠ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টায় উজির আহমেদকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কলাবাগান মাঠ সংলগ্ন স্টাফ কোয়ার্টার গেটের সামনে দাঁড়িয়ে অটোরিকশার ভাড়া ঠিক করেছিলেন উজির। তখন পিছন থেকে সাভার পরিবহনের একটি বাস সিএনজিসহ ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে চালক ও তিনি গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার পরপরই বাস জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
উজির আহমেদে ছেলে মাজেদ জানান, তাদের বাড়ির কুমিল্লার লাকসাম উপজেলায়। কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকেন তারা। তার বাবা পেশায় তেমন কিছুই করেন না। ভোরে তার বোন পারভীন ও তার ছেলেকে সিএনজিতে উঠিয়ে দেওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। কোয়ার্টারের গেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে সিএনজির ভাড়া ঠিক করছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত