শিরোনাম
Passenger Voice | ১২:১৭ পিএম, ২০২২-০৫-০৯
মৌলভীবাজারে দায়িত্বরত অবস্থায় বাসচাপায় পুলিশের এক সদস্য নিহতের ঘটনায় জালালাবাদ পরিবহনের চালক রহিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (০৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, মৌলভীবাজার জেলা পুলিশের অধিযাচন পত্রের ভিত্তিতে ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশে ধারাবাহিক অভিযান চালায় ডিবি পুলিশ। এক পর্যায়ে বিকেলে রহমতপুর এলাকা থেকে বাসচালক রহিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। পরে তাকে তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার ভোর ৪টার দিকে জালালাবাদ পরিবহনের সিলেটগামী একটি নৈশকোচ বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার সদরের শেরপুর পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের চাপা দিয়ে গোলচত্বরে ওঠে যায়।
এতে রাকিব আলী রানা নামে এক পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হন কামরানুর রহমান ও আনিস আহমেদ নামে আরও দুই পুলিশ সদস্য। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত