কালভার্টের নিচে চিতাবাঘ, ছবি তুলতে গিয়ে যা হলো

Passenger Voice    |    ০২:৪৬ পিএম, ২০২২-০৫-০৮


কালভার্টের নিচে চিতাবাঘ, ছবি তুলতে গিয়ে যা হলো

রাস্তার কালভার্টের নিচে চিতাবাঘ লুকিয়ে রয়েছে। খবরটা ছড়িয়ে পড়তেই সেখানে লোকজন জমায়েত হতে শুরু করেছিল চিতাবাঘটিকে এক নজর দেখতে। কালভার্টের নিচ থেকে তখন গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল। কিন্তু তার পরের ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না কেউ।

ঘটনাটি ঘটেছে ভারতের আসামের ডিব্রুগড়ের ছাবুয়া বাইপাস এলাকায়।জানা গেছে, কালভার্টের নিচে চিতাবাঘ থাকার খবর পেয়েছিলেন এক দিনমজুরও। কাজ থেকে ফিরছিলেন তিনি। অতি উৎসাহে তিনি সেই ভিড় ঠেলে এগিয়ে যান চিতাবাঘের কাছে।  

তার শখ হয়েছিল চিতাবাঘটিকে ক্যামেরাবন্দি করার। সেই শখের তাগিদে বাঘটির একেবারে কাছে পৌঁছে যান তিনি। খুব কাছ থেকে ছবি তুলতে যখন মগ্ন ছিলেন, ওই সময় হঠাৎ করেই কালভার্টের নিচ থেকে এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি।

আচমকা এরকম পরিস্থিতি দেখে দৌড়োদৌড়ি শুরু করে দেয় উপস্থিত জনতা। চিতাবাঘের থাবা থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে পালিয়ে যায়  দিনমজুরও। হামলায় তার পা জখম হয়। আরো বেশ কয়েক জনকে তাড়া করেছে চিতাবাঘটি।

এলাকায় চিতাবাঘের হামলার খবর পেয়ে তিনসুকিয়া থেকে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করার পর নিয়ে যান তারা।


সূত্র: আনন্দবাজার।