শিরোনাম
Passenger Voice | ১০:৩৯ এএম, ২০২২-০৫-০৮
নোয়াখালীর বেগমগঞ্জে হাসনহাট সেতু ভেঙে পিকআপসহ খালে পড়েছে। এতে চালকসহ দুজন আহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলা শহর মাইজদী থেকে একটি পিকআপ সেতু হয়ে হাসনহাটের দিকে যাচ্ছিল। মাঝামাঝি গেলে পিকআপসহ হঠাৎ করে সেতুটি ভেঙে খালে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকআপ চালক ও তার সহকারীকে খাল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
সেখানকার এক স্থানীয় এক ব্যক্তি জানান, সম্প্রতি নোয়াখালীতে খাল পুনঃখননের কাজ চলছে। এর অংশ হিসেবে হাসানহাট এলাকা দিয়ে প্রবাহিত নোয়াখালী খালের অংশও খনন করা হয়। কিন্তু দেখা গেছে, খাল খনন করার সময় এক্সক্যাভেটর মেশিন চলাচল করায় এবং সেতুর স্থান থেকে বেশি মাটি সরানো হয়েছে। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় সেতুর ওপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। গত ১০ দিনের বেশি সময় যানবাহন উঠলেই সেতুটি কেঁপে উঠত। বিষয়টি এলজিইডি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি।
একই কথা বলেছেন, একলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম দীপু। তিনি দাবি করেন, অপরিকল্পিতভাবে খাল খননের কারণে সেতুটি ভেঙে যায়। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করেন এ জনপ্রতিনিধি।
এদিকে, সেতু ভেঙে যাওয়ায় জেলা শহর মাইজদীর সঙ্গে বেগমগঞ্জ উপজেলার হাসনহাট, শরীফপুর ও কাদিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হবে স্থানীয় এলাকাবাসীকে।
সেতু ভেঙে পড়ার বিষয়ে অনেকে আবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষকেই দুষছেন। তাদের দাবি, অনেক আগেই সেতুর স্থায়িত্বকাল শেষ হয়েছে। কিন্তু এলজিইডি কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যান চলাচল বন্ধ রাখলে এ দুর্ঘটনা ঘটত না।
এ বিষয়ে এলজিইডি নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী একরামুল হক জানান, সেতুটি অনেক পুরনো। এটি পুনর্নির্মাণের প্রস্তাবনাও পাঠানো হয়েছে। এরই মধ্যে সেতুটি ভেঙে পড়বে—এমন ধারণা তারা করেননি। তার দাবি খাল খননের ফলে চারপাশের মাটি সরে যাওয়ায় দুর্বল স্থানে আঘাত হানায় এটি ভেঙে পড়ে। দ্রুত সেতুটি নির্মাণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত