দিনাজপুরে পরিবহন নেতাকে মারধর, বন্ধ বাস চলাচল

Passenger Voice    |    ০১:২৪ পিএম, ২০২২-০৪-২১


দিনাজপুরে পরিবহন নেতাকে মারধর, বন্ধ বাস চলাচল

দিনাজপুরে সিএনজিচালকের হাতে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতা মারধরের শিকার হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা।  

গতকাল বুধবার দিবাগত রাত ১টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের দিনাজপুর-রংপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে গাড়ি দিয়ে বেরিকেড দেন পরিবহন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এ ছাড়া বাস চলাচল না করায় বহু যাত্রী বাসস্ট্যান্ডে এসে ঘুরে যেতে বাধ্য হচ্ছেন।
 
দিনাজপুর শহরের কলেজ মোড়ে অবস্থানরত মুশিদ হোসেন বলেন, সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস নেই। পরে কেন্দ্রীয় বিআরটিসি বাস ডিপো ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখি তারা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। আমাদের এখন জরুরিভাবে রংপুরে যেতে হবে। বিকল্প কোনো যানবাহনও পাচ্ছি না। এখন কী করব তা বুঝতেছি না।  

যানজটের কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন বিআরটিসির ট্রাকচালক শাহ জাহান। তিনি জানান, রাত দেড়টার সময় থেকে এখানে আটকে আছি। ঢাকায় চাল নিয়ে যেতে হবে। কিন্তু যানজটের কারণে আটকে এখন বসে আছি। কখন যে সড়ক অবরোধ তুলে নেওয়া হবে তার ঠিক নাই।  

জানা গেছে, বুধবার বিকেলে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় এক বাসের হেলপার। পরে অটোরিকশার ওই যাত্রীকে জোরপূর্বক বাসে উঠিয়ে নেন হেলপার। এরপর সেখানকার  অটোরিকশার চালকরা যাত্রীর সঙ্গে এমন আচরণের জন্য ওই হেলপারের সঙ্গে বিতণ্ডায় জড়ায় এবং তাকে মারধর করে। পরে বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডাব্লু এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে ডাব্লুর মাথায় আঘাত করেন সিএনজিচালকরা। পরে প্রতিবাদে সড়কে বাস রেখে অবরোধের ডাক দেন বাস শ্রমিকরা।

বাসচালক রবিউল ইসলাম বলেন, আমাদের নেতাকে মারধরকারী সিএনজিচালকদের গ্রেপ্তারের দাবিতে আমরা রাত থেকে সড়কে বাস রেখে অবরোধ করেছি। এ ছাড়া সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস ছেড়ে যায়নি।  

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম বলেন, আমাদের এক শ্রমিক নেতাকে মারধর করা হয়েছে। তাই আমরা গাড়ি চলাচল বন্ধ রেখেছি। এখন আলোচনা করে পরবর্তী সময়ে কর্মসূচির বিষয়ে জানানো হবে।  

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, শ্রমিকদের পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছিল। তা আমরা গ্রহণ করেছি। তারা কী কারণে আন্দোলন করছে তা নিয়ে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে।