শিরোনাম
Passenger Voice | ০২:০৮ পিএম, ২০২২-০৪-২০
শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২১ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা গত ১২ বছরের কোম্পানির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) কোম্পানির ৪১১তম পরিচালনা পর্ষদ সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির তথ্য মতে, ২০২১ সালে পিপলস ইনস্যুরেন্সের কর পরবর্তী মুনাফা হয়েছে ২১ কোটি ২২ লাখ ৭ হাজার টাকার। যা শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫৮ পয়সা। সেখান থেকে ৪ কোটি ৬২ লাখ শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা করে দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করবে।
এর আগের বছর ২০২০ সালে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ১৬ কোটি ৭ লাখ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়ে ছিল ২ টাকা ২৬ পয়সা। সেখান থেকে ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের।
তবে ১৯৯০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২১ সালের আগে ২০০৯ সালে সর্বোচ্চ ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ বিগত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ দিলো কোম্পানিটি।
পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির ৩৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৮ জুন। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা সাড়ে ১১টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে।
৩১ ডিসেম্বর ২০২১ সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩০ টাকা ৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ টাকা ৬০ পয়সা। লভ্যাংশ ঘোষণার দিন শেয়ারটির দাম ১ টাকা ১০ পয়সা কমে সর্বশেষ লেনদেন হয়েছে ৫৫ টাকা ৫০ পয়সা। বুধবার শেয়ারটির দর সীমা ওপেন থাকবে। অর্থাৎ শেয়ারটির দাম ইচ্ছেমতো বসাতে পারবেন বিনিয়োগকারীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত