ঈদযাত্রায় দুর্ঘটনা ও যানজট রোধে সড়কে বসছে সিসি ক্যামেরা

Passenger Voice    |    ০৩:৩৯ পিএম, ২০২২-০৪-১৯


ঈদযাত্রায় দুর্ঘটনা ও যানজট রোধে সড়কে বসছে সিসি ক্যামেরা

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়ক ও সেতুর গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। আইটি বেজড এসব সিসি ক্যামেরার মাধ্যমে সড়ক-মহাসড়কের অবস্থা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি। পাশাপাশি ঈদের সময় দেশের সব গুরুত্বপূর্ণ সেতুর টোলবুথ সার্বক্ষণিক চালু রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের সময় দেশের প্রতিটি সড়ক, মহাসড়ক ও সেতুতে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ফলে সড়ক, মহাসড়ক, সেতুতে যানজট সৃষ্টি হয় এবং অনেক সময় দুর্ঘটনাও ঘটে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতি বছরের মতো এবারো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করবে। এ নিয়ন্ত্রণ কক্ষ কর্তৃক আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সৃষ্ট যানজট ও দুর্ঘটনা পর্যবেক্ষণ করার স্বার্থে আবশ্যকীয় স্থানে আইটি বেজড সিসি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।

এমন পরিপ্রেক্ষিতে এর আগে যেসব সড়ক, মহাসড়ক ও সেতুতে আইটি বেজড সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেগুলো সচল করতে হবে। পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক, মহাসড়ক, সেতুর আবশ্যকীয় স্থানে অনতিবিলম্বে আইটি সিসি ক্যামেরা স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি হওয়া আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরে যানজট এড়ানোর জন্য বঙ্গবন্ধু সেতু, মেঘনা সেতু, গোমতী সেতুসহ সব গুরুত্বপূর্ণ সেতুর টোলবুথগুলো সার্বক্ষণিক চালু রাখা এবং প্রয়োজনে টোল সংগ্রহ বৃদ্ধি করা প্রয়োজন। এ বিষয়ে ব্যবস্থা নিতে সেতু বিভাগের সচিব এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে।