শিরোনাম
Passenger Voice | ০৩:৪১ পিএম, ২০২২-০৪-১৮
বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাক শিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের চলচ্চিত্র ‘শিমু’ বা ‘মেড ইন বাংলাদেশ’ মুক্তি পেল জাপানে।
টোকিওসহ হোক্কাইদো থেকে ওকিনাওয়ার ১৫টি সিনেমা হলে প্রদর্শিত হবে ছবিটি। জাপানে ছবিটি পরিবেশনা করছে পেনডোরা। উদ্বোধনী শোয় ভার্চুয়ালি যুক্ত হয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছবিটির পরিচালক রুবাইয়াত হোসেন।
ছবিটির জাপানি সাবটাইটেল করেছেন ওসাকা ওম্যান বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারে যাওয়ার পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি।
গত ১১ মার্চ ছবিটি বাংলাদেশে মুক্তি পায়। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত শিমু ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহপ্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন। আর ছবিটির পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।
শিমুর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুত্ফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।
প্রথম ছবি মেহেরজান এবং দ্বিতীয় ছবি আন্ডার কনস্ট্রাকশনের পর ‘শিমু’ রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত