বাসের ধাক্কায় অটোতে আটকা পড়লেন চালক, ফায়ার সার্ভিস পৌঁছে উদ্ধার

Passenger Voice    |    ০৩:১৮ পিএম, ২০২২-০৪-০৭


বাসের ধাক্কায় অটোতে আটকা পড়লেন চালক, ফায়ার সার্ভিস পৌঁছে উদ্ধার

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা হাসপাতাল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে এক যাত্রী আহত হন এবং অটোচালক অটোর ভেতর আটকা পড়েন। পরে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করেন। 

বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ওই অটোচালকের নাম আতিয়ার রহমান (৪৫)। তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অপর আহত ব্যক্তির নাম জানা যায়নি। 

কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা ফকিরাপুল থেকে উত্তরা ৯ নম্বর সেক্টরে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে সকাল পৌনে ৬টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ওই অটোটি দুমড়ে মুচড়ে যায় এবং তার ভেতরে চালক আটকা পড়েন। 

খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে চালক আতিয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার ডান হাত ভেঙে গেছে। একজন যাত্রীও সামান্য আহত হয়েছেন।