বাস-ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

Passenger Voice    |    ১০:৩৯ এএম, ২০২২-০৪-০৭


বাস-ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

সিলেটে বাস-ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার ইফতারের আগে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর ৭নং গ্যাস কূপ সংলগ্ন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান (৫৫) ও জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের মৃত মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ রোকন উদ্দিন (৪৬) এবং ইজিবাইকের যাত্রী সিলেট সদর উপজেলার রুস্তমপুর গ্রামের মঞ্জুর আহমদের ছেলে তাহমিদ তাহসিন (১০)।

বাসের যাত্রী সূত্রে জানা যায়, হরিপুর ৭নং গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে আচমকা ওভারটেক করে একটি মোটরসাইকেল। ওভারটেক করে মোটরসাইকেলটি একেবারে বাসের সামনে এসে পড়ে। এ সময় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের ধাক্কা খেয়ে ইজিবাইকের উপর গিয়ে পড়ে। এদিকে বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসের প্রায় ২০ জন যাত্রীও আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, এক শিশুসহ তিনজন মারা গেছেন। এদের মধ্যে দু'জন মোটরসাইকেল আরোহী ও শিশুটি ইজিবাইকের যাত্রী। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, আরও কয়েক জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।