অস্কার একাডেমি থেকে পদত্যাগ করলেন স্মিথ

Passenger Voice    |    ০১:০২ পিএম, ২০২২-০৪-০২


অস্কার একাডেমি থেকে পদত্যাগ করলেন স্মিথ

চলতি বছরের অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার ঘটনায় অস্কার একাডেমি থেকে পদত্যাগ করেছেন হলিউড তারকা উইল স্মিথ। গতকাল শুক্রবার ঘটনাটিকে ‘মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়’ উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।

এক বিবৃতিতে স্মিথ বলেন, আমি একাডেমির আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অসাধারণ কাজের জন্য মনোনীত ও বিজয়ীদের দিনটিকে উদযাপন করা এবং উদযাপিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমার হৃদয় ভেঙ্গে গেছে।

তিনি বলেন, আমি একাডেমির সদস্যপদ থেকে পদত্যাগ করছি এবং পরবর্তীতে বোর্ডের যে কোন সিদ্ধান্ত মেনে নেব।

গত সোমবার ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ক্রিস রক প্রসঙ্গক্রমে উইল স্মিথের স্ত্রী জেডার চুল নিয়ে একটি কৌতুকপূর্ণ মন্তব্য করেন। জেডা ১৯৯৭ সালের জিআই জেন সিনেমার সিকুয়াল করছেন বলে কৌতুক করেন তিনি। মূলত এ সিনেমার প্রধান নারী চরিত্রকে ন্যাড়া মাথায় দেখা যায়। কিন্তু জেডা মূলত তার চুল পড়া সমস্যার কারণে মাথা কামিয়ে ফেলেছিলেন। মন্তব্যের প্রাথমিক প্রতিক্রিয়ায় উইলকে যদিও হাসতে দেখা গেছে। তবে জেডার অভিব্যক্তি দেখে তিনি আহত হয়েছেন বলে মনে হয়। এর পরই স্টেজে উঠে রককে সরাসরি থাপ্পড় মেরে বসেন স্মিথ।

এ ঘটনার কিছুক্ষণ পরেই ‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন উইল স্মিথ। পুরস্কার পাওয়ার পর অশ্রুসিক্ত গলায় স্মিথ বলেন, আমি একাডেমির কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমি মনোনীত অন্যান্য সহকর্মীর কাছেও দুঃখ প্রকাশ করতে চাই। এটি একটি সুন্দর মুহূর্ত এবং আমি পুরস্কার পেয়ে কাঁদছি না। পুরস্কারটি শুধু আমার জন্য নয়, আরো অনেকের হয়ে উজ্জ্বল হওয়ার সমতুল্য।