শিরোনাম
Passenger Voice | ১২:৫৮ পিএম, ২০২২-০৩-৩০
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১২ মে পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ মার্চ ) মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু পরীমণি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেনি বলে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময়ের আবেদন করেন। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত আবেদন মঞ্জুর এ আদেশ দেন।
এর আগে গত ১ মার্চ মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন। আর এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
গত ৫ জানুয়ারি ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত অভিযোগ গঠন করেন। তারও আগে গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
গত বছর ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করার কথা জানায় সংস্থাটি। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত