শিরোনাম
রমজানে ডিএমপির চার চ্যালেঞ্জ
Passenger Voice | ০২:১০ পিএম, ২০২২-০৩-২১
ঢাকায় গত কয়েক দিন তীব্র যানজট। গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা পার হচ্ছে। আসন্ন রমজানে রাজধানীতে যানজট আরও বাড়ার আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাফিক বিভাগের পাশাপাশি থানার পুলিশকেও দায়িত্ব পালন করতে বলেছেন বাহিনীর নীতিনির্ধারকরা। সব থানার সব টহল পার্টিকে রাজধানীর সব বড় বড় মোড়ে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে হবে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে ঢাকার ৫০টি থানার ওসি, অপরাধ বিভাগের সব ডিসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান, রমজানে বেশ কয়েকটি বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে মাঠ পর্যায়ের সব পুলিশ সদস্যকে নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। অবৈধ মজুতদারির বিরুদ্ধে চলবে অভিযান। এ ছাড়া রমজানে সাধারণত ছিনতাই, মলম ও অজ্ঞানপার্টির তৎপরতা বাড়ে। এসব প্রতিরোধে গোয়েন্দা নজর বাড়ানোর পাশাপাশি টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরেক কর্মকর্তা জানান, সাধারণত উগ্রপন্থিরা রোজায় অপতৎপরতা বাড়ায়। তাদের বিভ্রান্ত বিশ্বাস এই সময় কাউকে 'টার্গেট' করে লক্ষ্য পূরণ করতে পারলে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজানে যাতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখতে বলা হয়। এ ছাড়া রোজায় বিভিন্ন দল তাদের সাংগঠনিক কর্মসূচির আড়ালে গোপন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। এসব সংগঠনের ওপরও নজর রাখতে হবে।
ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন বা পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিবহনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ছিনতাইকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারের নির্দেশনা প্রদান করা হয়।
মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না। অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, এবার রমজান মাসে স্কুল খোলা থাকবে, যা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার ওপর ব্যাপক চাপ ফেলবে। এটা ডিএমপির জন্য বড় চ্যালেঞ্জ। যে যেখানেই চাকরি করুন না কেন, কারও চোখে কোনো অনিয়ম বা ট্রাফিক বিশৃঙ্খলা চোখে পড়লে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করতে হবে। সবার চলাচলের নিরাপত্তা বিধান করতে পারলেই পুলিশ সফল হিসেবে গণ্য হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত