ফেব্রুয়ারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৪

Passenger Voice    |    ০১:০০ পিএম, ২০২০-০৩-০২


ফেব্রুয়ারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩৪

বিদায়ী ফেব্রুয়ারী মাসে ৫০৪টি সড়ক দুর্ঘটনায় ৫৩৪জন নিহত ও ১১৬৯জন আহত হয়েছে। একই সময় রেলপথে ৫৬টি দুর্ঘটনায় ৪৮জন নিহত, ১৩জন আহত হয়েছে। নৌ-পথে ০৯টি দুর্ঘটনায় ৪০জন নিহত, ৫৬জন আহত এবং ৬৪জন নিখোঁজ হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে আজ ০২ মার্চ সোমবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে। 

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে সংগঠনটি বলছে, এই মাসে মোট সংঘটিত দুর্ঘটনার ৪৫.০৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৬.১৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৩.০২ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩.১৭ শতাংশ ঢাকা মহানগরীতে, ১.১৯ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১.৩৮ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়। ২০২০ সালের জানুয়ারী মাসের তুলনায় বিগত ফেব্রুয়ারী মাসে সড়ক-মহাসড়কের উন্নয়নের ফলে যানবাহনের গতি বাড়ার কারণে আঞ্চলিক মহাসড়কে ৩.৪৩ শতাংশ ও ফিডার রোডে ১.৭৪ শতাংশ সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেলেও জাতীয় মহাসড়কে ২.৮১ শতাংশ সড়ক দুর্ঘটনা কমেছে।