বিআরটিএর সকল নথিপত্র ই-নথিতে রূপান্তরিত করা হবেঃ চেয়ারম্যান নুর মোহাম্মদ

Passenger Voice    |    ০৬:৫২ পিএম, ২০২২-০২-২০


বিআরটিএর সকল নথিপত্র ই-নথিতে রূপান্তরিত করা হবেঃ চেয়ারম্যান নুর মোহাম্মদ

সারাদেশে গত দুইবছর ধরে ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড প্রদান জটিলতা আগামী ৬ মাসে নিরসন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।  আজ ২০ ফেব্রুয়ারী সকালে বিআরটিএ চট্টমেট্রো ১,২ সার্কেল ও চট্টগ্রাম জেলা সার্কেলের গ্রাহক সেবার মান উন্নয়নে আয়োজিত গণশুনানিতে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন বর্তমানে বিআরটিএর ৭০ শতাংশ কাজ অনলাইনের মাধ্যমে করা হয়। বিআরটিএর কাজে জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা ১০০ ভাগ অনলাইন কার্যক্রম পরিচালনা করবো। বিআরটিএর সকল নথিপত্র ই-নথিতে রূপান্তরিত করা হবে।  বর্তমানে মালিকানা পরিবর্তন নিয়ে পুরাতন নথি খোঁজা নিয়ে যে জটিলতা আছে সেটা আর থাকবে না। সকল নথিপত্র ই-নথি করে সফটওয়্যার আপডেট করে সংরক্ষণ করা হবে।  ফলে কোন নথি হারানো বা নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। 

এই সময় চেয়ারম্যান বলেন, পরিবহন মালিকরা গাড়ি ক্রয় বিক্রয় করার সাথে সাথে মালিকানা পরিবর্তন করে নিবেন। কারন বর্তমানে বিআরটিএ এনবিআর এর সাথে কাজ করছে। গাড়ি থাকলে এখন সবাইকে আয়কর দিতে হবে। 

এছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে বিআরটিএ-এর মিশন এবং ভিশন সম্পর্কে গ্রাহকদের অবহিত করেন বিআরটিএ চেয়ারম্যান।

গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক প্রকৌশলী শফিকুজ্জামান ভূইয়া, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) তৌহিদুল হোসেন, এমডি শাহ আলম, আতিকুল ইসলাম, রায়হানা আক্তার,  রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহম্মেদসহ বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।