ট্রেনে ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার, গ্রেফতার ১

Passenger Voice    |    ০৩:৪২ পিএম, ২০২২-০২-১২


ট্রেনে ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার, গ্রেফতার ১

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচারকালে করিম মিয়া (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ডিমের বালতি থেকে ভারতীয় স্কাফ সিরাপ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

করিম মিয়া সিলেট জেলার কোতোয়ালি থানার আম্বরখানা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। বর্তমানে সে পঞ্চবটি ছোট পুকুরপাড় এলাকার ভাড়াটিয়া। ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রেল স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে ওই ডিম বিক্রেতাকে আটক করা হয়। পরে তার ডিমের বালতি তল্লাশি করে ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, করিম দীর্ঘদিন যাবত ডিম বিক্রেতা সেজে মাদক পাচার ও বিক্রয় করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ব্যাপারে গ্রেফতারকৃত করিম মিয়ার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।