সাংবাদিক ডা. বুলবুল আর নেই

Passenger Voice    |    ০৫:০৪ পিএম, ২০২২-০২-০৯


সাংবাদিক ডা. বুলবুল আর নেই

সাংবাদিক ও চিকিৎসক মোজাহার হোসেন বুলবুল আর নেই। আজ বুধবার ভোরে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন বলে জানান তাঁর বোনের ছেলে তানভীর অপু। রাজশাহীর দৈনিক বার্তা দিয়ে সাংবাদিকতার হাতেখড়ি।

বুলবুল হোসেন নামে লিখতেন তিনি। এরপর দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল ও দৈনিক যায়যায়দিনের রাজশাহী ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ডা. মোজাহার হোসেন বুলবুল সেন্ট্রাল হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।এর আগে সিভিল সার্জন হিসেবে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রধানের দায়িত্ব পালন করেন।

বুলবুল হোসেনের প্রথম জানাজা ঢাকার গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এরপর তাঁর মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। বাদ আসর রাজশাহীর উপশহরের নূর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হবে। স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন মোজাহার হোসেন বুলবুল।