শিরোনাম
Passenger Voice | ০৩:৫২ পিএম, ২০২২-০২-০৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎকট গন্ধ ও পরিবেশ দূষণরোধে শহরের বাইরে বর্জ্য শোধনাগার নির্মাণের নির্দেশ প্রদান করেছেন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের বর্জ্য শোধনাগার লোকালয়ের বাইরে স্থাপন করার নির্দেশ প্রদান করেছেন। একই সঙ্গে তিনি সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়িতে দক্ষ চালক নিয়োগের নির্দেশনা দেন।
একনেক সভায় ৩৩৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসন’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় সরকার প্রধান এসব নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সম্প্রতি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির ময়লাবাহি গাড়ির চালকরা বেশকিছু দুঃখজনক ঘটনা (দুর্ঘটনা) ঘটিয়েছেন। এতে আমরা সবাই কষ্ট পেয়েছি। তাই চালকদের দক্ষতা বাড়ানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশন দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন , প্রধানমন্ত্রী ময়লাবাহী গাড়ি চালকদের ঘটনাগুলোর বিষয়ে অবগত আছেন। এজন্য তিনি বলেছেন, নতুন প্রকল্পের আওতায় দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যেসব গাড়ি কেনা হয়েছে, সেগুলোতে যেন দক্ষ লোক নিশ্চিত করা হয়। যেসব গাড়ি কেনা হয়েছে, সেগুলোর চালকদের বিশেষ ট্রেনিং দিতে হবে। এসব ঘটনা (দুর্ঘটনা) আর দেখতে চাই না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত