রেলওয়ের জমি গিলে খাচ্ছে নেতা, তৈরি হচ্ছে মার্কেট

Passenger Voice    |    ০৩:১২ পিএম, ২০২২-০২-০৮


রেলওয়ের জমি গিলে খাচ্ছে নেতা, তৈরি হচ্ছে মার্কেট

সোনারগাঁওয়ের মাঝেরচর এলাকায় রেলওয়ের সম্পত্তি বালু ভরাট করে দখল করা হচ্ছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের মাঝের চর এলাকায় রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

গত কয়েক দিন ধরে ট্রাকের মাধ্যমে বালু ফেলে এ জমি দখল করে নেওয়া হচ্ছে। রেলওয়ের জমিতে বালু ফেলার সময় তার লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। কেউ বাধা দিতে আসলেই হামলা ও মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। লিজ দেওয়া না হলেও তাদের সঙ্গে আর্থিক লেনদেনের কারণে বেহাত জমি উদ্ধারের তৎপরতা নেই।

জানা যায়, মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কে বাংলাদেশ রেলওয়ের জমি রেললাইন থেকে দুই পাশে ১২০ ফিট চওড়া। কোথাও কোথাও ৪০০ ফিট রয়েছে। তবে রেল স্টেশন এলাকায় ২ হাজার ফিট এলাকা জুড়ে জমি রয়েছে। রেলওয়ে শুধু কৃষিভিত্তিক জমি লিজ দেওয়া হয়। বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধু কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণিবিতান, পাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেওয়াল দিয়ে দখলে নেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। বর্তমানে মদনগঞ্জ থেকে নরসিংদী সড়কে সব দখলদারই অবৈধ হিসেবে দখলে আছে। তবে কোনো শিল্প মালিক জমির শ্রেণি পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ সড়কে কোনো শিল্প মালিক শ্রেণি পরিবর্তনের কোনো প্রকার অনুমতি নেননি। ফলে সব শিল্প মালিক অবৈধ দখলদার হয়ে রাস্তা নির্মাণ করেছেন। তাদের বিষয়ে শিগ্গিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সরজমিনে ঐ এলাকায় গিয়ে দেখা যায়, জামপুর ইউনিয়নের মাঝের চর এলাকার আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী রাসেল আহমেদ খোকন মাঝের চর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ে থেকে কোনো প্রকার লিজ না নিয়েই মার্কেট নির্মাণ করছেন। মার্কেটের দোকান বিক্রি হবে বিজ্ঞাপন দিয়ে ঐ স্থানে তিনি বিশাল আকৃতির বিলবোর্ড সাঁটিয়েছেন।

অভিযুক্ত রাসেল আহমেদ খোকন বলেন, আমার নিজস্ব জায়গায় মার্কেট নির্মাণ করছি। তবে মার্কেটে যাওয়ার রাস্তাটি রেলওয়ের জায়গায়। জায়গাটি পতিত থাকায় বালু দিয়ে ভরাট করেছি। বাংলাদেশ রেওলয়ের ঢাকা বিভাগের স্টেট অফিসার নজরুল ইসলাম বলেন, মদনগঞ্জ-নরসিংদী সড়কটি রেলওয়ের পরিত্যক্ত থাকায় দখলদাররা দখল করেছে। তবে কেউ রেলওয়ের আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকলে চিহ্নিত করে ব্যবস্হা নেওয়া হবে। অবৈধ দখলের মাধ্যমে মার্কেট নির্মাণের স্থান শিগ্গিরই দখল মুক্ত করা হবে।