নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় আহত ৪ সাংবাদিক, মামলা দায়ের

Passenger Voice    |    ০৪:১৪ পিএম, ২০২২-০১-৩১


নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় আহত ৪ সাংবাদিক, মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিক তানভীর হাসান তানু বাদী হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেনসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। 

শনিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তথ্য সংগ্রহ করতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নোবেল কুমার সিংহের সমর্থকদের হামলায় চার সাংবাদিক আহত হন। হামলার শিকার সাংবাদিকরা হলেন- ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা এবং ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাকির হোসেন মিলু। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মিলু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি ইমদাদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।