পথে পথে ট্রাকে চাঁদাবাজি, অনুসন্ধান করবে সরকার

Passenger Voice    |    ১০:৪৩ এএম, ২০২২-০১-২০


পথে পথে ট্রাকে চাঁদাবাজি, অনুসন্ধান করবে সরকার

দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী কৃষিপণ্যবাহী ট্রাকের চাঁদা দেওয়া নিয়ে সরকার একটি অনুসন্ধান চালাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

কৃষিমন্ত্রী বলেন, এই অনুসন্ধানের মধ্যমে কৃষিপণ্য পরিবহনের ট্রাকগুলোকে পথে কত টাকা চাঁদা দিতে হয়, তা বের করা হবে। পরে এই চাঁদাবাজি বন্ধে সরকার পদক্ষেপ নেবে। অধিবেশনের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, “শুরুতে আমরা যেটা বলেছি, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ ছিল, যদিও আমাদের জমি ও জলবায়ু উৎপাদনের জন্য খুবই উপযোগী। দুঃখজনকভাবে আমরা আধুনিক কৃষিতে যেতে পারিনি। বিজ্ঞানভিত্তিক কৃষিতে যেতে পারিনি বলে আমাদের খাদ্য ঘাটতি ছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে অনেকগুলো কর্মসূচি নিয়েছে, কৃষককে বিভিন্ন কৃষি উৎপাদনে প্রণোদনা দেওয়ার জন্য। এতে উৎপাদন বেড়েছে।”

তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে যেতে হলে আন্তর্জাতিক বাজারের শর্তগুলোর পূরণ করতে হবে। পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো খাবার দেওয়া যাবে না।” আব্দুর রাজ্জাক আরো বলেন, “জমি চাষ থেকে শুরু করে ফসল কাটা এবং বাজারে নেয়া পর্যন্ত সবকিছু আমরা আধুনিক করব, যাতে আমরা আন্তর্জাতিক বাজারে যেতে পারি। সাতক্ষীরায় একটি ফসল বিক্রি করে চাষী ১৫ টাকা পাচ্ছে, ঢাকায় এসে সেটা কেন ৪০/৪৫ টাকা হবে।”

তিনি বলেন, “এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হলো- কৃষিপণ্য বিক্রি করে কীভাবে চাষিরা লাভ করতে পারে, আয় বাড়াতে পারে, জীবনযাত্রার মান বাড়াতে পারে। সব অনুসন্ধানে এসেছে, কৃষির উন্নয়ন অর্থনীতির অন্যান্য ক্ষেত্রের উন্নয়নকে ত্বরান্বিত করে। সেজন্য কৃষিপণ্যের বাজার নিশ্চিত করতে হবে। সে বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি।”