চবির শাটলে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

Passenger Voice    |    ১১:২৯ এএম, ২০২১-১২-১৪


চবির শাটলে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে আসন সংরক্ষণ নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীর বিরুদ্ধে এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকায় শহরগামী শাটল ট্রেনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সুজিত চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৬-১৭ বর্ষে পড়েন। ঘটনার পর একটি বেসরকারি মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন।

তার অভিযোগ, মারধরকারী সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী। তাদের মধ্যে বাংলা বিভাগের আকিব জাভেদ ওরফে আবির আহমেদ ও ফারসি বিভাগের আনিস ছিলেন। দুই জনেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অসুস্থ থাকায় সুজিত চৌধুরী কিছু জানাতে পারেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে তার এক জানান, ‘সোমবার দুপুর দেড়টায় শাটল ট্রেনে বন্ধুর জন্য সিট ধরেন আনিস। কিন্তু সেখানে এক ছাত্রী বসতে চান। শাটলে অন্য কারও জন্য সিট ধরার নিয়ম না থাকায় সুজিত ওই ছাত্রীর পক্ষ নিয়ে আনিসকে বোঝান। কিন্তু ওইসময় ট্রেন ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে কয়েকজন আনিসকে ঘাড় ধাক্কা দিয়ে বগি থেকে ফেলে দেন। পরে আনিস বন্ধুদের ডেকে ক্যান্টনমেন্ট স্টেশনে সুজিতকে মারধর করেন।’

মারধরের ঘটনা অস্বীকার করে আকিব জাভেদ বলেন, ‘রাজনৈতিক ফায়দা নিতে অন্য গ্রুপের কয়েকজন আমাদের নামে গুজব ছড়াচ্ছে।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘ঘটনা আমি এখনও পুরোপুরি জানি না। খোঁজ নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা বিষয়টা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’