শিরোনাম
Entertainment desk | ০৩:১৪ পিএম, ২০২১-১১-২৬
বলিউডের এই সময়ের তুমুল জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল এবার গাইলেন বাংলাদেশের সিনেমায়। ‘অন্তরাত্মা’ সিনেমায় গান গাইবেন তিনি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হয়েছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটির শুটিং বেশ কিছু দিন আগেই সম্পন্ন হয়েছে। এই সিনেমায় জুবিন গেয়েছেন টাইটেল গান।
‘অন্তরাত্মা’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত। গত অক্টোবরেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে মুম্বাইয়ের একটি স্টুডিওতে।
জুবিনের শর্ত ছিল, গানের কথা ও মিউজিক পছন্দ হলে তবেই তিনি কাজটি করবেন। এরপর ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক তৈরি করেন, কথামালা সাজান রবিউল ইসলাম জীবন। শুনে জুবিনের পছন্দ হয়; তিনি ভয়েস দেন।
এক ভিডিও বার্তায় জুবিন বলেন, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”
এর আগেও অবশ্য শাকিব খানের সিনেমায় গান গেয়েছিলেন জুবিন নটিয়াল। সেটা ২০১৭ সালের ‘রংবাজ’ সিনেমায়। যেখানে জুটি বেঁধেছিলেন শাকিব ও বুবলী।
উল্লেখ্য, ‘অন্তরাত্মা’ সিনেমার কাহিনি লিখেছেন সোহানী হোসেন। এটি প্রযোজনাও করেছেন তিনি। এর আগে শাকিব অভিনীত ‘সত্তা’ সিনেমাটিও প্রযোজনা করেছিলেন সোহানী। নতুন এই সিনেমায় শাকিব-দর্শনা ছাড়া আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, মাসুম বাশার প্রমুখ। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে ভারতে। সেটা সম্পন্ন হলে শিগগিরই মুক্তির ঘোষণা আসবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত