শিরোনাম
Passenger Voice | ১১:৩০ এএম, ২০২১-১১-২৩
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ঘুন্টি এলাকায় বিকেলে ট্রেন লাইন দিয়ে ৪ জন বন্ধুসহ হাঁটছিলেন মাসুদ রানা (১৫)। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন রেল লাইনের অংশ ভাঙা। দেখা মাত্রই দৌড়ে খবর দিলেন রেললাইনের গেটম্যানকে।
রেললাইনের গেটম্যান এসে মাসুদসহ লাল পতাকা উড়িয়ে আটকালেন কাঞ্চন ট্রেনকে। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যার আগে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ঘুন্টি এলাকার পাশে এ ঘটনা ঘটে।
মাসুদ রানা বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে রেললাইন দিয়ে সোমবার হাঁটছিলাম। দেখি রেললাইন ভাঙা, সাথে সাথে দৌড়ে গিয়ে বিষয়টি গেটম্যানকে জানাই৷
কর্মরত গেটম্যান আজিজুল ইসলাম বলেন, মাসুদ খবর দেওয়ার পরে আমরা কাঞ্চন ট্রেনকে থামিয়ে দেই। পরে উর্ধ্বতন কর্মকতাকে কল দিয়ে বিষয়টি অবহিত করি।
তিনি বলেন, মাসুদ বিষয়টি না জানালে বড় দুর্ঘটনা ঘটতে পারত৷ সে যে কাজটি করছে সেটা প্রশংসনীয়। তার এই কাজের জন্য যাত্রীরা নিরাপদে যেতে পারলেন।
স্থানীয় রেজাউল করিম বলেন, আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি ট্রেন আটকে আছে সামনে কিছু লোক। দেখা মাত্রই আমরা সেখানে গিয়ে দেখি রেললাইনের কিছু অংশ ভেঙে গেছে৷ মাসুদ আমাদের এলাকার সন্তান, সে যে কাজটি করেছে প্রশংসনীয়।
রেলওয়ের সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার (ঠাকুরগাঁও) আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মাসুদ আমাদের গেটম্যানকে এসে বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে আমাদের লোকজন সেখানে যান। আটকে থাকা কাঞ্চন ট্রেনকে ভাঙা রেল ও স্লিপারের সাহায্য পার করা হয়। কাঞ্চন ট্রেন চলে যাওয়ার পর একতা এক্সপ্রেস ট্রেন আসার আগেই লাইন ঠিক করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
মাসুদ রানা চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত