শিরোনাম
Passenger Voice | ০৬:১৮ পিএম, ২০২১-১১-১৩
নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত ভাড়া বন্ধে গত ৯ নভেম্বর বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় ডিজেল ও সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে স্টিকার লাগিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আনুষ্ঠানিক ভাবে অনুসন্ধানে নামে বিআরটিএ। আজ ১৩ নভেম্বর সকালে রাজধানীর ভাটারা থানা এলাকার নতুন বাজার মহাসড়কে বিআরটিএর আদালত-৩ এর নিবার্হী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। বিআরটিএর ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক বেলাল হোসেন দ্বায়িত্ব পালন করেন।
এই সময় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ভ্রাম্যমান আদালত এর কার্যক্রম সরেজমিন পরিদর্শনে এসে ডিজেল ও সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করে এই সব গাড়িতে স্টিকার লাগান তিনি। এছাড়াও বিভিন্ন বাসের যাত্রীদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে অনাবিল পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৫৫২৭ নং বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যার্থ হওয়ায় এবং সরকারী আদেশ অমান্য করায় বাসের চালক মো. শিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধির সুযোগে গ্যাসচালিত গাড়িও অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। তাই কোনটা ডিজেলের আর কোনটা গ্যাসের তা চিহ্নিত করতে গণপরিবহনে স্টিকার লাগানোর সিদ্ধান্ত হয়েছে।’ ‘সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলচালিত গাড়িতে লাল ও সিএনজিচালিত গাড়িতে সবুজ স্টিকার লাগানো হচ্ছে। পাশাপাশি বিআরটিএ নির্ধারিত ভাড়া অনুযায়ী আলাদা তালিকা বাসে সাঁটানো হচ্ছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করলে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সিএনজিচালিত বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে, এমন অভিযোগ পেয়েছেন তারা। বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত থেকেও এর প্রমাণ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়ার বিষয়টি আমরাও মনিটর করছি। আমাদের ম্যাজিস্ট্রেট, ঢাকার ডিসি অফিসের সব ম্যাজিস্ট্রেট গত বৃহস্পতিবার থেকে মাঠে আছে। বিআরটিএর এই শীর্ষ কর্মকর্তা আরো জনান আমাদের চেষ্টা থাকবে কেউ যেন এক টাকাও অতিরিক্ত ভাড়া নিতে না পারে ।
দেশের বাজারে ডিজেলের দাম বৃদ্ধির পর পরিবহন মালিক-শ্রমিকদের আন্দোলনের মুখে ভাড়া বাড়িয়েছে সরকার। শুধু ডিজেলচালিত গাড়ির ভাড়া বাড়ানো হলেও সিএনজিচালিত গাড়িগুলোও একই ভাড়া নিচ্ছে। এ নিয়ে হরহামেশাই চালক ও সহকারীদের সঙ্গে যাত্রীদের কথা-কাটাকাটি হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত