গাড়িতে লুকিয়ে প্রেম করতেন মিম ও সনি

Entertainment desk    |    ০৪:২৪ পিএম, ২০২১-১১-১২


গাড়িতে লুকিয়ে প্রেম করতেন মিম ও সনি

তারকা বলে কথা! যেখানে-সেখানে কি আর প্রেম করা যায়? ভক্ত, অনুরাগী কিংবা পরিচিতজনদের কাছে ধরা পড়ে যাওয়ার বিরাট ভয়। তাই নিরাপদ জায়গা হিসেবে বেছে নিলেন নিজের গাড়িকেই। সেই গাড়ির ভেতরেই চলত প্রেমের মিষ্টি আলাপন।

গল্পটা ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের ভালোবাসার। বুধবার (১০ নভেম্বর) রাতে একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে বাগদান হয়েছে তার। বরের নাম সনি পোদ্দার। পেশায় ব্যাংকার ও ব্যবসায়ী।

মিম জানিয়েছেন তার ব্যতিক্রমী প্রেমের গল্পটি। ২০১৬ সালে শুরু হয়েছিল সনির সঙ্গে তার কথোপকথন। মজার ছলেই শুরুটা। এরপর অল্প সময়েই সেটা গড়িয়ে যায় বন্ধুত্ব ও ভালোবাসায়।

প্রেম হওয়ার পর কীভাবে দেখা করতেন মিম ও সনি? তাও আবার দীর্ঘ ছয় বছর একেবারে সবার কাছ থেকে লুকিয়ে। এ বিষয়ে মিম বললেন, ‘আমি আমার ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করি। সম্পর্কটা একান্ত রাখার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি। কখনোই আমরা কোনো পাবলিক প্লেসে দেখা করিনি। মাসে একবার বা দুইবার দেখা করতাম, সেটাও আমার গাড়িতে। দেখা গেল, আমি জিমে গেলাম বা পার্লারে গেলাম। তখন কাজ শেষ করে ওর সঙ্গে গাড়িতে বসে আধা ঘণ্টা গল্প করলাম। এরপর বাসায় চলে আসতাম। এভাবেই চলেছে আমাদের সম্পর্ক।’

এই ফাঁকে একটা মজার ঘটনা বলতেও ভোলেননি মিম। তাহসানের সঙ্গে জড়িয়ে যখন সম্পর্কের গুঞ্জন ছড়ায়, তখন মধুর বিড়ম্বনায় পড়তেন তারা। নায়িকার ভাষ্য, “তাহসান ভাই কিন্তু জানতেন আমার সম্পর্কের কথা। এজন্য তিনি মাঝেমধ্যে বলতেন, ‘ইশ, মানুষজন এমন সব নিউজ করে, ইচ্ছে করে বলে দিই যে, তোমার বয়ফ্রেন্ড আছে’। এটা নিয়ে মাঝেমধ্যেই ভাইয়া মজা করতেন। এমনকি তার সঙ্গে আমি যে একটা টকশো করেছিলাম, সেখানেও তিনি মজার ছলে ইঙ্গিত করেছিলেন।”

উল্লেখ্য, বাগদান করলেও এখনই বিয়ের পরিকল্পনা নেই মিম ও সনির। আগামী বছরের ডিসেম্বরে কিংবা তার পরের বছর বিয়ে করতে পারেন এ জুটি। আপাতত ফের কাজে ডুব দিতে চান নায়িকা।