শিরোনাম
Passenger Voice | ১০:৩৪ এএম, ২০২১-১১-১১
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
এ ঘটনায় দুই মেম্বার প্রার্থী ফুরকান ও মাহবুবকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোর ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল সরকারি প্রাথমিক কেন্দ্র দখল নিয়ে দুই মেম্বার প্রার্থী ফুরকান ও মাহবুব সর্মথকরা মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষই গুলি চালায়। এর প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত অবরোধকালে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুই মেম্বার প্রার্থী ফোরকান ও মাহবুবকে আটক করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন বণিক দুই মেম্বার প্রার্থীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে মহাসড়কে অবরোধ নেই। যান চলাচল স্বাভাবিক।
প্রসঙ্গত: ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতরাত থেকে উপজেলার গুণ্ডের সলিমপুর, সোনাইছড়ি, বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নে সন্ত্রাসীদের মহড়া ও প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত