শিরোনাম
Passenger Voice | ০৭:০৫ পিএম, ২০২১-১০-২৪
বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয় এই অনুষ্ঠানে।
‘ইত্যাদি’র এবারের পর্ব গত ১৪ অক্টোবর ধারণ করা হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত মোগল শাসক ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বড় সর্দার বাড়ির সামনে পুরো শুটিং হয়েছে। সর্দারবাড়ির সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা হয় আলোকিত মঞ্চ। শুটিং চলে এদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।
এবারের অনুষ্ঠানে দুটি গান রয়েছে। একটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। অন্যটি মনিরুজ্জামান পলাশের লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে স্থানীয় অর্ধ শতাধিক নৃত্যশিল্পী।
নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ওপর রয়েছে দু’টি তথ্যভিত্তিক প্রতিবেদন। সোনারগাঁয়ে নদীতে ভাসমান বেদে পরিবার, চর্মকার, চরাশ্রয়ী জেলে ও অন্ত্যজ সম্প্রদায়ের পরিবারের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া এক আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েসের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।
ব্যতিক্রমী মানুষ প্রকৃতি প্রেমিক বৃক্ষ সেবক খাইরুল আলমের ওপর রয়েছে একটি পরিবেশ সচেতনতামূলক প্রতিবেদন। আরো থাকছে গ্রীসের প্রাচীন নিদর্শন ঐতিহ্যবাহী অ্যাক্রোপোলিসের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। নিয়মিত পর্বসহ এবারো রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ম নাট্যাংশ। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। বরাবরের মতো এবারের পর্বের রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আগামী ২৯ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর শুধু বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে পর্বটি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত