শিরোনাম
Passenger Voice | ০১:৩০ পিএম, ২০২১-১০-১৯
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকায় সোমবার থেকে হালকা মেরামত কাজ ফের শুরু হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের কড্ডা ও নলকা হয়ে হাটিকুমরুল মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশেই দিনভর থেমে থেমে হালকা যানজট দেখা যায়।
মূল মেরামত কাজ না হলেও এটি কদিন আগে সম্পাদিত কাজের 'স্ক্যারিফাই' বা মসৃণ করার অংশবিশেষ। ঢাকা-রংপুর মহাসড়কের নলকা সেতুর ওপরিভাগে ও পশ্চিম ঢালে এ মেরামত করছে করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। নলকা সেতুর পশ্চিম পাড়ে রাস্তার আগের কাজের এবড়োথেবড়ো ও পুরাতন 'ওয়ারিংকোট' অংশ কেটে ফেলে উপরিভাগে স্ক্যারিফাই করার চেষ্টা করছে সওজ।
ক'দিন আগে সেতুর উপরিভাগে যে অংশে ভারী মেরামত কাজ হয়েছিল, তার ঠিক উত্তর পাশে রাস্তার বেডের পুরাতন অংশ তুলে ফেলে সেখানেও স্ক্যারিফাই করা হয়। এ মেরামত কাজের জন্য একটি লেনে দুরপাল্লার যানবাহন আটকে রাখা হয়। নিয়ন্ত্রিত আকারে থেমে থেমে অপর লেনটি দিয়ে ছেড়ে দেয়া হয় ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে চলাচলকারী যানবাহনগুলোকে।
আরো পড়ুন: ধীরগতিতে বিআরটি নির্মাণে রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
তবে সওজের সদ্যসমাপ্ত মেরামত কাজের জন্য আগের সেই অসহনীয় ও দীর্ঘ যানজট বর্তমানে নেই। তারপরেও আগের সেই ভয়ঙ্কর ও অসহনীয় যানজটের আশঙ্কায় মহাসড়ক ছেড়ে এ রুটের চালকদের সিরাজগঞ্জ শহরের আভ্যন্তরীন ঝুঁকিপূর্ণ-জনাকীর্ণ ও অনিরাপদ সড়ক দিয়ে সোমবার দিনভর চলাচল করতে দেখা যায়।
সিরাজগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব হাসান বলেন, নলকা সেতু সংলগ্ন পশ্চিমপাড়ের মহাসড়কের খানাখন্দ মেরামতের মুল মেরামত কাজ শুরু হতে হয়তো আরও দু'একদিন সময় লাগবে। এ সুযোগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেতুর ওপরিভাগে এবং পশ্চিমে এবড়ো-থেবড়ো ও পুরাতন ওয়ারিংকোট অংশ কেটে ফেলে স্ক্যারিফাই করার চেষ্টা করে সওজ। এ কাজের জন্য দু'পাশে কিছুটা যানজটের সৃষ্টি হয়। যানজটের আশঙ্কায় দুপুরের আগেই তড়িঘড়ি করে ওই কাজ শেষ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত