শিরোনাম
Passenger Voice | ০৪:০৯ পিএম, ২০২১-১০-০৯
আবারও রাজধানীবাসী দেখল স্বপ্নের মেট্রোরেলের যাত্রা। সকালে দ্বিতীয়বারের মতো ট্রায়াল সম্পন্ন করল কর্তৃপক্ষ। ট্রায়ালে ৪টি স্টেশন ঘুরে উত্তরার দিয়াবাড়ির ডিপোতে ফিরে যায় মেট্রোরেলটি। স্বপ্নের মেট্রোরেলের অগ্রগতিতে যানজট থেকে মুক্তির অপেক্ষায় নগরবাসী।
শনিবার (৯ অক্টোবর) সকালে নগরে মেট্রোরেল। হুইসেল বাজিয়ে লাল-সবুজ আর সাদার মিশেলে মেট্রোর কোচ যখন ভায়াডাক্ট স্পর্শ করে, দৃশ্যপটে তখন নগরবাসীর স্বপ্ন।
এই স্বপ্নকে আরেকটু এগিয়ে নিতে দ্বিতীয় দফায় ট্রায়াল হয়েছে। স্বপ্নের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয় তাই তো বারবার এই উদ্যোগ।
সংশ্লিষ্টরা জানান, বাণিজ্যিকভাবে যাত্রার পূর্বে কিছুদিন পরপরই এভাবে চলবে নগরের কাঙ্ক্ষিত গণবাহন। কারিগরি দিকগুলো আরেকটু এগিয়ে নেওয়া আরেকটু শানিত করতেই এ আয়োজন।
আরো পড়ুন: মেট্রোরেল চলল দিয়াবাড়ি-পল্লবী
শনিবার সকাল সাড়ে ১০টায় মেট্রোরেলের উত্তরা দিয়াবাড়ি ডিপো থেকে ছয়টি কোচ নিয়ে শুরু হয় স্বপ্ন যাত্রার পরীক্ষমূলক যাত্রা। উত্তরার উত্তর, উত্তরা সেন্টার ও দক্ষিণ স্টেশন পার হয়ে সাড়ে ১১টায় আসে পল্লবী স্টেশনে। এর কিছুক্ষণ বাদেই আবারও ডিপোর পথে যাত্রা করে রেলগাড়িটি।
মেট্রোর উপস্থিতি জানান দিতেই উচ্ছ্বাস আর আবেগে উদ্ভাসিত হন নগরবাসী। স্বপ্ন বাস্তবায়নের কাছাকাছি দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন তারা। যানজটে নাকাল নগরবাসীর প্রত্যাশা খুব শিগগিরই চালু হবে মেট্রোরেল। বাঁচাবে সময় আর অর্থ।
এর আগে গত ২৯ আগস্ট শুরু হয় আনুষ্ঠানিক ট্রায়াল। আগামী বছরের দেশের প্রথম উড়াল ট্রেনের বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর কথা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত