শিরোনাম
Passenger Voice | ১০:২৫ পিএম, ২০২১-১০-০৩
বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ফলে রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে বিআরটিএ'র সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার সংলগ্ন এলাকায়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা সিটির ভেতরে চলাচল করার অনুমোদন নেই এমন বাস ও মিনিবাসগুলোকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রোববার (০৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত।চলতি সময়ের মধ্যে রুট পারমিটহীন ও রুট পারমিটের মেয়াদহীন বাসগুলোকে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ফিরোজা পারভীনের অধিনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১০টি বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৫২ হাজার টাকা আদায় ও ৫ হাজার টাকা অনাদায় রয়েছে।
অভিযানের বিষয়ে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বিআরটিএ'র যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।মূলত ঢাকা সিটিতে চলাচলের অনুমোদন নেই তবুও সিটিতে চলছে এমন বাস ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এই অভিযান।অভিযানে কোনো ফিটনেসহীন পরিবহন পাওয়া না গেলেও রুট পারমিট ভায়োলেন্স করেছে এবং রুট পারমিটের মেয়াদ নেই এমন বাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য এসব রুটপারমিটহীন বাস চলাচল বন্ধ করা। যেহেতু এসব পরিবহনকে মোটা অংকের জরিমানা করা হচ্ছে সেহেতু এটার মাধ্যমে মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তারা যেন দ্রুত কাগজটা ঠিক করে নেয়।
অভিযানে সর্বোচ্চ ৮ হাজার টাকা জরিমানা করা হয় ‘রুপান্তর পরিবহনের’ একটি বাসকে। বাসটি ঢাকার বাইরের রুটে চলাচলের অনুমোদন থাকলেও ঢাকা সিটির ভেতর চলাচল করছিল।
রুট পারমিট ভায়োলেন্স ও রুট পারমিটের মেয়াদ না থাকায় ‘বন্ধন পরিবহনের’ একটি বাসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এই বাসটি সায়েদাবাদ থেকে নারায়নগঞ্জ রুটে চলাচলের অনুমতি নিয়ে ঢাকা সিটির ভেতরে চলাচল করছিল।
সাভার ও ঘিওর রুটে চলাচলের অনুমতি নিয়ে মোহাম্মদপুর থেকে সাইনবোর্ড রুটে চলাচল করা ‘মিডলাইন পরিবহনের’ একটি বাসকেও ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ‘রজনীগন্ধা পরিবহনের’২টি বাস, দোয়েল, খাজাবাবা, স্বদেশ, দোলা, হিমাচল ও বাহন পরিবনের’ ১টি করে বাসকে জরিমানা করা হয়।
যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল সাবরিন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত