শিরোনাম
Passenger Voice | ১১:১৪ এএম, ২০২১-১০-০১
এক দশক পর দেশের অন্যতম বড় যোগাযোগ অবকাঠামো বঙ্গবন্ধু সেতুর টোল হার বৃদ্ধি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। টোল বাড়ানো হয়েছে গড়ে প্রায় ১৭ শতাংশ। গত জুনে সেতু কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদে অনুমোদন পাওয়া নতুন এ টোল হার কার্যকর হওয়ার কথা ছিল আজ থেকেই। তবে বর্ধিত টোল হার কার্যকরে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পায়নি সংস্থাটি। এমন পরিপ্রেক্ষিতে সেতু কর্তৃপক্ষ বলছে, বঙ্গবন্ধু সেতুর বর্ধিত টোল হার কার্যকর করতে আরো কিছুদিন সময় প্রয়োজন। আগামী এক বা দুই মাসের মধ্যে নতুন টোল হার কার্যকরের ইঙ্গিতও দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
গত জুনে অনুষ্ঠিত সেতু কর্তৃপক্ষের ১১০তম বোর্ড সভায় বঙ্গবন্ধু সেতুর টোল বাড়ানোর প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই সময় সিদ্ধান্ত হয়, ১ অক্টোবর থেকে নতুন টোল হার কার্যকর হবে।
বর্তমানে বঙ্গবন্ধু সেতু পারাপারের সময় ৩২ বা তার বেশি আসনের বাস থেকে ৯০০ টাকা টোল আদায় করা হয়। এটি বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। ৩১ বা তার কম আসনের বাস থেকে টোল আদায় হয় ৬৫০ টাকা, যা বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। ছোট ও মাঝারি ট্রাকের টোল বাড়ানো হয়েছে ১৫০ টাকা করে। বর্তমানে ছোট ট্রাক থেকে ৮৫০ টাকা ও মাঝারি ট্রাক থেকে ১ হাজার ১০০ টাকা টোল আদায় করছে সেতু কর্তৃপক্ষ। ২০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে ৮-১১ টন ট্রাকের টোল। একইভাবে মোটরসাইকেলে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা, হালকা যানবাহনে ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা, মাইক্রো/পিকআপে ১০০ টাকা বাড়িয়ে ৬০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
আরো পড়ুন: সেতুর টোল আদায়ে কমন সফটওয়্যার ব্যবহারের সুপারিশ
অন্যদিকে তিন এক্সেলের ট্রাকে ২ হাজার টাকা, চার এক্সেলের ট্রেইলারে ৩ হাজার টাকা, চার এক্সেলের বেশি ট্রেইলারে ৩ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত এক্সেলপ্রতি আরো ১ হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে। এতদিন বঙ্গবন্ধু সেতু পারাপারের ক্ষেত্রে এ ক্যাটাগরিগুলো অন্তর্ভুক্ত ছিল না। আর ট্রেন চলাচলের ক্ষেত্রে বার্ষিক টোল হার ৫০ লাখ থেকে ১ কোটি টাকা করা হয়েছে।
নতুন টোল হার কবে থেকে কার্যকর হতে পারে—জানতে চাইলে সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, গত জুনে বর্ধিত টোল হার সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদিত হয়। সে সময় সিদ্ধান্ত হয়েছিল অক্টোবর থেকে নতুন টোল হার কার্যকর হবে। কিন্তু এ টোল হার কার্যকর করতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন, যা এখনো পাওয়া যায়নি। এর বাইরে করোনা মহামারীর মধ্যে বর্ধিত টোল হার কার্যকর না করার জন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। তবে এখন করোনা পরিস্থিতি প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। কবে নাগাদ বর্ধিত টোল আদায় শুরু করা যেতে পারে, সে বিষয়ে পরিকল্পনার জন্য ১৫ অক্টোবরের পর আলোচনায় বসব। আগামী এক মাস বা দুই মাসের মধ্যে নতুন টোল হার কার্যকরের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি।
বঙ্গবন্ধু সেতুর জন্য প্রথম টোল হার নির্ধারণ করা হয়েছিল ১৯৯৭ সালে। এর ১৪ বছর পর ২০১১ টোল হার ১৭ শতাংশ বাড়ায় সরকার। এক দশক পর দ্বিতীয় দফায় ফের ১৭ শতাংশ হারে টোল বাড়ল সেতুটির।
আরো পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে টোল আদায় ৮ কোটি টাকা
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, ১৯৯৮ সালের জুনে বঙ্গবন্ধু সেতু চালুর পর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে টোল আদায় হয়েছে ৬ হাজার ৬০৬ কোটি টাকা। বর্তমানে প্রতি মাসে সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ পর্যন্ত যানবাহন পারাপার হচ্ছে সেতুটি দিয়ে। আর প্রতি মাসে গড়ে প্রায় ৫০ লাখ টাকা সেতুটি থেকে টোল আদায় করছে সরকার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত