সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিউতে তেলেগু অভিনেতা সাই

Entertainment desk    |    ০১:৪৪ পিএম, ২০২১-০৯-১১


সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিউতে তেলেগু অভিনেতা সাই

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা সাই ধরম তেজ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) হায়দরাবাদের ক্যাবল ব্রিজ একালায় মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়েছেন এই অভিনেতা।

মোটরবাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে মাথা ও বুকে আঘাত পান। দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন সাই। অচেতন অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালের  নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এ দক্ষিণী তারকাকে।  

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, ‘দুর্ঘটনার পর সাইকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় এবং পার্শ্ববর্তী হাসপাতাল থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছে। এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তার মস্তিষ্ক, মেরুদণ্ড এবং গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো গুরুতর আঘাত লাগেনি। তার কলার বোন ফ্যাকচার হয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ’

স্থানীয় পুলিশের রিপোর্ট অনুযায়ী, মাত্রাতিরিক্ত গতিতে মোটরবাইক চালাচ্ছিলেন অভিনেতা। রাস্তায় কাদা থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এ দুর্ঘটনা ঘটেছে।

সাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণের মতো নামজাদা দক্ষিণী তারকারা। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে সাইয়ের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেছেন।

সম্প্রতি সাই নির্মাতা দেব কাট্টা পরিচালিত ‘রিপাবলিক’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, জগপতি বাবু, রাম্য কৃষ্ণনসহ অনেকে। সবকিছু ঠিকঠাক চললে আসছে ১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।