দালালের দৌরাত্ম্য বন্ধে চট্টগ্রাম বিআরটিএর অনুরোধে র‌্যাবের অভিযান

Passenger Voice    |    ১০:৪৬ পিএম, ২০২১-০৯-০৫


দালালের দৌরাত্ম্য বন্ধে চট্টগ্রাম বিআরটিএর অনুরোধে র‌্যাবের অভিযান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে দালালের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সঠিক গ্রাহক সেবা প্রদানে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল বেশ কিছু সময়ধরে। তবে দালাল নিয়ন্ত্রণে চট্টগ্রাম বিআরটিএ এবার সহযোগিতা নিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব)। 

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে  র‌্যাব অভিযান চালিয়ে দালাল সন্দেহে ৩০ জনকে আটক করে। পরে ১০ জনের কোন তথ্য প্রমান না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়। 

বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুল হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ দালাল সিন্ডিকেট চট্টগ্রাম বিআরটিএতে সেবা নিতে আসা পরিবহন মালিক ও শ্রমিকদের বিভিন্ন ভাবে হয়রানি ও অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিলো।  বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই দালালচক্রটিকে ধরার জন্য বিআরটিএর পক্ষ থেকে আমরা র‌্যাবের সহযোগিতা চাই। তারই ধারাবাহিকতায় আজকের এই অভিযান। 

 র‌্যাব চট্টগ্রাম জোনের উপ-পরিচালক মেজর মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম বিআরটিএতে আমরা অভিযান পরিচালনা করে সন্দেহবাজন ৩০ জন কে আটক করি। পরে ১০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দিয়ে বাকি ২০ জনকে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ ও র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।