শিরোনাম
Entertainment desk | ০২:৫৩ পিএম, ২০২১-০৮-২৪
উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত দেশের প্রথম দূরনিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোরেলের প্রথম গন্তব্যস্থলের সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় ‘ইত্যাদি’র ঈদ পর্বটি। যা গত ৩০ জুলাই রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হয় বিটিভিতে। লোকেশন ও সেট বৈচিত্র্যতার কারণে দারুণ প্রশংসিত হয় এই পর্বটি।
বিশেষ এই পর্বটির আবারও প্রচার হচ্ছে ২৫ আগস্ট রাত ৮টা ৪৫ মিনিটে, বিটিভিতে।
করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে পর্বটি পরিচালনা করা হয়েছে। যাতে কোনও দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ‘ইত্যাদি’র দর্শকশূন্য প্রথম অনুষ্ঠান।
এবারের পর্বে গান ছিলো দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে একটি গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটির কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ক’জন স্থপতি ও প্রকৌশলী। সম্প্রতি ‘নয়া দামান’ শিরোনামে একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। সেই গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে গানটি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছে।
পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে। সংগৃহীত কথা ও সুরে ‘ইত্যাদি’র এবারের পর্বে তসিবার জন্য একটি গান নতুনভাবে রেকর্ড করা হয়। গানটির র্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান। সংগীতায়োজন করেছে নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পীরা। গানটি প্রচারের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বস্তরেই এই গানটি প্রশংসিত হয়েছে।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে স্বপ্নের মেট্রোরেলের ইতিহাস, অগ্রগতি এবং এর বিভিন্ন কারিগরি দিক নিয়ে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মোঃ আমিনউল্লাহ’র উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। ‘বিদেশি প্রতিবেদন’ পর্বে রয়েছে গ্রিসে ধারণকৃত অলিম্পিক স্টেডিয়ামের প্রায় ৩ হাজার বছরের পুরানো ইতিহাস থেকে বর্তমান ইতিহাস।
নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে দর্শক পর্ব, মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পুনঃপ্রচার হবে কেয়া কস্মেটিকস্ এর সৌজন্যে। একযোগে সম্প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত