শিরোনাম
Passenger Voice | ১০:৫৬ এএম, ২০২১-০৮-১৬
নভেল করোনাভাইরাসের অভিঘাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজস্ব আদায় কমেছে ১০ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৫০৫ কোটি ১৯ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা। গত অর্থবছরও কাছাকাছি পরিমাণ অর্থ আয় করলেও ২০১৮-১৯ অর্থবছরে বিআরটিএর আয় ছিল সবচেয়ে বেশি। এখন পর্যন্ত সংস্থাটি কোনো বছরই তাদের রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
বিআরটিএ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছর প্রায় ২ হাজার ২০০ কোটি ৩৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সংস্থাটি। বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৫০৫ কোটি টাকা। সবচেয়ে বেশি আদায় হয়েছে মোটরযানের কর খাতে। খাতটিতে ৬৮২ কোটি ৩৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া মোটরযান রেজিস্ট্রেশন বাবদ ৪৭৭ কোটি, ড্রাইভিং লাইসেন্স বাবদ ১৫৩ কোটি, ডিজিটাল নম্বর প্লেট বাবদ ১১১ কোটি এবং বিবিধ খাতে ২০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
চলতি অর্থবছরে বিআরটিএর সফটওয়্যার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়ের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯১৬ কোটি ৪৯ লাখ ৫৭ হাজার ৫৯৪ টাকা। সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ব্যক্তিগত যানের অগ্রিম কর বাবদ। খাতটিতে ১ হাজার ৯৮ কোটি রাজস্ব আয় হয়। এর পরই করপোরেট যান খাতে ৪৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া ভ্যাট বাদ ২৪১ কোটি ৭৪ লাখ, বকেয়া ভ্যাট ১ লাখ ৪৯ হাজার, সম্পূরক শুল্ক ৮৭ কোটি ৫ লাখ ও বকেয়া সম্পূরক শুল্ক ১১ কোটি ৪২ লাখ টাকা আদায় হয়েছে।
বিআরটিএর বিগত অর্থবছরগুলোর রাজস্ব আদায়ের পরিমাণ বিশ্লেষণে দেখা যায়, কভিডের প্রভাবে ১০ শতাংশ রাজস্ব কমে গেছে। কভিড-পূর্ববর্তী ২০১৮-১৯ অর্থবছরে সংস্থাটির রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৮১০ কোটি ১৫ লাখ টাকা। কিন্তু কভিডকালীন ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব কমে গেছে ২০০ কোটির বেশি টাকা। ওই বছর বিআরটিএ ২ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণের বিপরীতের রাজস্ব আদায় করে ১ হাজার ৬৮১ কোটি, যা গত অর্থবছরের চেয়ে ১ কোটি টাকার কিছুটা বেশি।
২০১৯-২০ অর্থবছরে বিআরটিএ সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে মোটরযান কর বাবদ। খাতটিতে ওই অর্থবছরে ৭৯১ কোটি টাকা রাজস্ব আদায় হয়। লাইসেন্স বাবদ ৪০৭ কোটি ও গাড়ির রেজিস্ট্রেশন বাবদ ৪৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করে। তবে বিআরটিএর কর্মকর্তারা বলছেন, কভিডের কারণে সংস্থাটির রাজস্ব আদায়ে বড় কোনো প্রভাব পড়েনি। ব্যাংক খোলা ছিল, অনলাইনে অর্থ জমা দেয়ার ব্যবস্থা থাকায় অন্যান্য বছরের সঙ্গে রাজস্ব আদায়ের পরিমাণ খুব একটা কমেনি। ২০১৮-১৯ অর্থবছর বাদ দিলে দেখা যায়, এর আগের অর্থবছরগুলোর তুলনায় গেল দুই অর্থবছর বিআরটিএর রাজস্ব আদায় বেড়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, ২০১৭-১৮ অর্থবছরে বিআরটিএর রাজস্ব আদায়ের পরিমাণ ১ হাজার ৫৮৯ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ৪৭০ কোটি, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৬১৯ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৬২ কোটি ও ২০১৩-১৪ অর্থবছরে ৯৫২ কোটি টাকা। ব্যতিক্রম কেবল ২০১৮-১৯ অর্থবছর। ওই ২০১৮-১৯ অর্থবছরে বিআরটিএর ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়। এর কারণ উল্লেখ করে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন ওই বছর নিরাপদ সড়ক আন্দোলনের প্রভাবে দেশব্যাপী ড্রাইভিং লাইসেন্স, বকেয়া কর পরিষদের একটা ঢেউ জাগে। ফলে বিআরটিএ স্মরণকালের সর্বোচ্চ রাজস্ব আদায় করে।
সূত্র: বণিক বার্তা
পেভ/চ/জেসি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত