শিরোনাম
Passenger Voice | ১২:৩৪ পিএম, ২০২১-০৮-১২
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণির গাড়ি তার নিজের নামেই নিবন্ধিত। ২০১৮ সালের জুনে নিবন্ধন পাওয়া তার ঢাকা মেট্রো-ঘ- ১৫-৯৬৫৩ নম্বরের গাড়িটি বেসরকারি ব্যাংকের ঋণে কেনা। তবে গ্রেপ্তার মডেল ফারিয়া মাহবুব পিয়ার বাসা থেকে জব্দ ঢাকা মেট্রো-গ-৩৯-৮৫৭৪ নম্বরের বিএমডব্লিউ গাড়িটি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দি রিলায়বল বিল্ডার্স’র নামে নিবন্ধিত। প্রতিষ্ঠানটি গাড়িটির মালিক।
মিশু হাসানের কাছ থেকে পুলিশ যে ফেরারি গাড়িটি জব্ধ করেছে, তা সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) নিবন্ধিত নয়। ঢাকা মেট্রো-চ-১২-৯১৮০ নম্বর লেখা রয়েছে গাড়িটিতে। তবে বুধবার বিআরটিএ’র মিরপুর সার্কেল সার্ভারে সার্চ করে দেখা যায়, এ নম্বরের কোনো ফেরারি গাড়ি নিবন্ধিত নয়। মূলত ‘চ’ সিরিজে মাইক্রোবাস নিবন্ধিত হয়। ‘গ’ এবং ‘ঘ’ সিরিজে নিবন্ধিত ১২-৯১৮০ নম্বরের গাড়িগুলোও ফেরারি নয়। মিশুর গাড়ির নম্বর ভুয়া বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা।
পরীমণির গাড়িটি ২০১৪ সালে উৎপাদিত হয়েছে। দেড় হাজার সিসির এ গাড়িটির ফিটনেসের মেয়াদ গতবছরের ২৮ জুলাই শেষ হয়েছে। এ বছর ফিটনেস সনদ নেননি চিত্রনায়িকা পরীমণি। তবে ট্যাক্স টোকেন হালনাগাদ রয়েছে।
ফারিয়া মাহবুব পিয়াসার বাসা থেকে ঢাকা মেট্রো-গ-৩৪-৫০০৯ নম্বরের আরেকটি গাড়ি জব্দ করা হয়েছে। দেড় হাজার সিসির এ গাড়িটি ২০১৩ মডেলের। বিআরটিএতে নিবন্ধিত হয়েছে ২০১৮ সালের ১৭ মে। গত ১২ জানুয়ারি এর ফিটনেসের মেয়াদোত্তীর্ণ হয়েছে। গতবছরের মে মাসে শেষ হয়েছে ট্যাক্স টোকেনের মেয়াদ। বিআরটিএ’র সার্ভারের তথ্যানুযায়ী ‘দি রিলায়বল বিল্ডার্স’ গাড়িটির মালিক। গাড়িটি পিয়াসার কাছে বিক্রির কোনো তথ্য বিআরটিএতে নেই। গাড়িটি কীভাবে পিয়াসার কাছে গেছে, এ বিষয়ে 'দি রিলায়বল বিল্ডার্স'র বক্তব্য জানতে পারেনি।
পিয়াসার বাসা থেকে জব্দ করা ঢাকা মেট্রো-গ-৩৯-৮৫৭৪ নম্বরের বিএমডব্লিউ গাড়িটি ২০১০ সালের মডেলের। এক হাজার ৯৯৫ সিসির এ গাড়িটি ২০১৫ সালের ১২ জুলাই নিবন্ধন পেয়েছে। গতবছরের ১৮ জুলাই ফিটনেস মেয়াদোত্তীর্ণ হয়েছে। ট্যাক্স টোকেনের মেয়াদ ফুরিয়েছে গত ১২ জুলাই।
মাদক মামলায় গ্রেপ্তার প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকে দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ। ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১ নম্বরের গাড়িটি ব্যাংক ঋণে কেনা। দুই হাজার সিসির এ গাড়িটির ফিটনেস ও ট্যাক্স টোকেন হালনাগাদ রয়েছে। তবে রাজের বাসা থেকে জব্দ করা আরেকটি গাড়ি তার নামে নিবন্ধিত নয়। ১৯৯৫ সালের মডেলের এ গাড়িটি নিবন্ধন নিয়েছে ২০০০ সালের ১৫ মে। এ গাড়িটিরও ফিটনেস ও ট্যাক্স টোকেন হালনাগাদ রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত