| মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি ভ্রমণ বাস উল্টে খাদে পড়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের ভ্রমণ বাতিল করে ফিরে যান।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন- যাওয়াৎ, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন ছিলেন, তাদের মধ্যে ২০ জন আহত হন এবং ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।