|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিদেশি অপারেটরের কাছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা চুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদেশি অপারেটরের কাছে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা চুক্তির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার প্রস্তাবিত চুক্তি বাতিলের দাবিতে বন্দরের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, এনসিটি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও লাভজনক স্থাপনাগুলোর একটি। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়। দেশীয় প্রযুক্তি ও শ্রমিকদের সক্ষমতা থাকা সত্ত্বেও দীর্ঘ মেয়াদে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে।

এসময় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া ও প্রস্তাবিত চুক্তির খসড়া অবিলম্বে বাতিল করতে হবে বলে দাবি করেন আন্দোলনরত শ্রমিকরা। একইসঙ্গে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধ করার দাবিও জানান তারা।

এ ছাড়াও, সরকার এনসিটি ইজারার সিদ্ধান্ত থেকে সরে না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজনে বন্দরে অলআউট ধর্মঘটের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এসময় শ্রমিকদের উপস্থিতির কারণে বন্দরের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), জাতীয়তাবাদী শ্রমিক দল, ডক শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সংগঠন সংহতি ও সমর্থন জানিয়েছে। এ দিকে আন্দোলনকারীদের আরেকটি প্ল্যাটফর্ম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী ৭ অক্টোবর মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Advertise with us
Advertise with us
নারীর জন্য নারী চালক, ঢাকার...
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact