|

Advertise with us

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তির আগে চট্টগ্রাম বন্দরে বিশৃঙ্খলায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের চুক্তির আগে চট্টগ্রাম বন্দরে বিশৃঙ্খলায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর হাতে তুলে দেওয়ার চুক্তি স্বাক্ষরের আগে বন্দরে নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে এ সময় বন্দরের কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চুক্তি স্বাক্ষরের নির্ধারিত দিনের এক দিন আগে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জরুরি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বন্দরের সামগ্রিক কার্যক্রম পুরোপুরি সচল রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) সব বিভাগীয় প্রধানকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সিপিএর পরিচালক মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘পরিচালন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

একটি বিদেশি অপারেটরের কাছে এনসিটি টার্মিনাল হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দর শ্রমিক, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বন্দর রক্ষা সংগ্রাম পরিষদগুলোর ক্রমবর্ধমান প্রতিবাদের মুখেই এই নির্দেশনা জারি করা হলো। একাধিক শ্রমিক ও কর্মচারী সংগঠন ইতিমধ্যে এই চুক্তির বিরোধিতায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে বিদেশি অপারেটরের কাছে এনসিটি এবং ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড (ওসিওয়াই) ইজারা দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি।

মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়, এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিটি বৃহস্পতিবার স্বাক্ষরিত হতে যাচ্ছে। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে বাড়তি সতর্কতা প্রয়োজন। মন্ত্রণালয় এটিকে একটি জরুরি পরিস্থিতি হিসেবে বর্ণনা করে শৃঙ্খলা এবং নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে বলেছে। এই চিঠিটি সিপিএর সব সদস্য, বিভাগীয় প্রধান এবং বন্দর চেয়ারম্যানের একান্ত সহকারীর কাছে। সূত্র টিবিএস

Advertise with us
Advertise with us
মির্জা ফয়সল আমীন ও এলিজা...
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
নামাজ শেষে বাড়ি ফেরার পথে...
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact