| শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা হিসাবের ক্ষেত্রে আগের ‘হেয়ারকাট’ বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।
ফলে নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্গণনা করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শামস তিবরীজ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময় ব্যাংকের যে কার্যকর মুনাফার হার ছিল, সেটি বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে।
এর পাশাপাশি ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।
এর ফলে সংশ্লিষ্ট সময়ের ব্যক্তিগত মেয়াদি ও কিস্তিভিত্তিক আমানতকারীদের মুনাফা আর এককভাবে ৪ শতাংশ ধরে হিসাব করা হবে না। বরং ওই সময়ের কার্যকর মুনাফার হার অনুযায়ী প্রতিটি হিসাবের আমানত স্থিতি পুনর্নির্ধারণ করতে হবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীদের মুনাফা ৪ শতাংশে সীমাবদ্ধ রাখার আগের সিদ্ধান্ত কার্যত বাতিল হলো। এখন নির্ধারিত সময়ের ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানতকারীদের পাওনা পুনর্গণনা করা হবে।