শিরোনাম
Passenger Voice | ০২:১৯ পিএম, ২০২৬-০৬-০৯
নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বানে এক ঘণ্টার কলম বিরতি পালন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে ব্যাংকের লেনদেনসহ সব ধরনের কার্যক্রম এক ঘণ্টার জন্য বন্ধ ছিল| একই সময় ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার উদ্যোগে নগরীর ডাকবাংলোস্থ ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ খুলনার নেতা মো. শহিদুল ইসলামের সভাপতি বক্তৃতা করেন এস এম এ রব শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর কাদের পাটোয়ারী, আলমগীর শিকদার, শেখ শাফায়েত হোসেন লিখন, রফিকুল ইসলাম, ডা. আবুল খায়ের, আব্দুস সালাম, হারুন অর রশিদ, সেলিম উদ্দিন, জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ১৮ (ক) ধারা বাতিল, এস আলম গ্রুপের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট হওয়া অর্থের সমন্বয়, এস আলম যাতে কোনো ব্যাংকে ফিরতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, এসব দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে এক ঘণ্টার কলম বিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দাবির প্রতি সংহতি জানিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার দাবি, এই নিয়োগ ইসলামী ব্যাংককে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে| বক্তারা বলেন, ক্ষুদ্র আমানতকারীদের টাকায় ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতে শীর্ষ অবস্থানে পৌঁছেছে।
তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় খুরশীদ আলমকে চেয়ারম্যান পদ থেকে প্রত্যাহার করতে হবে। অবিলম্বে দাবি বাস্তবায়নে ব্যবস্থা না নেওয়া হলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত