শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে, আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী

Passenger Voice    |    ০৩:৫৩ পিএম, ২০২৬-০৫-২৪


শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে, আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হোন।

রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি দেশে আসবেন, বিভিন্ন মিডিয়ার খবরে জানতে পেরেছি ওনার ট্রাভেল পাস চাওয়ার ক্ষেত্রে আলোচনা হচ্ছে—এ ব্যাপারে আপনাদের প্রস্তুতি বা কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি আরও অনেক আগে বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের (প্রত্যর্পণ) জন্য চিঠি পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি। আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন (দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী) মানে এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিস (দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি) এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হোন।

জুয়া প্রতিরোধে হচ্ছে নতুন আইন

অনলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আলাদা একটি আইন প্রণয়ন হচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশা করি ইনশাআল্লাহ আগামী সেশনে সেই আইনটা আমরা পাবো। এখন পর্যন্ত যে আইনটা আছে সেটা একদম মান্ধাতার আমলের। ১৮৬৭ সালের বোধ হয় একটা আইন আছে। অনলাইন-অফলাইন জুয়া, ইন্টারনেটের মাধ্যমে ব্যাটিংসহ সব ধরনের অপরাধকে এড্রেস করে আগের আইনটাকে আমরা যুগোপযোগী একটা আইনে আনতে পারবো।

বিএসআরএফ’র সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আয়োজন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।